সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, বিদেশি মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু, টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছসহ বিপুল চোরাচালানী পণ্য আটক করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে একটি নৌকাও জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের বিভিন্ন রুট হয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও সোনালীচেলা রুটগুলো দিয়ে এসব পণ্য আনা হচ্ছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে এবং আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রভাবশালী চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরেই চোরাচালান চলছে। যদিও বিজিবি দাবি করছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
