সুন্দরবনের ভেতর দস্যু-সন্ত্রাসী কার্যকলাপ দীর্ঘদিনের সমস্যা। তবে নিয়মিত অভিযান চালিয়ে কোস্টগার্ড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তারই ধারাবাহিকতায় এবার সফল অভিযান চালিয়ে মুক্ত করা হলো জিম্মি চার জেলে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে শিবসা নদীর আড়বাউনি খাল এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বেইস ও নলিয়ান আউটপোস্টের বিশেষ দল এ অভিযানে অংশ নেয়।
ভোর ৫টার দিকে কোস্টগার্ড সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানায়। সতর্ক করতে ফাঁকা গুলি ছোড়া হলে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা হকচকিয়ে জিম্মিদের ফেলে দ্রুত বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়। তখন তাদের বোটে পাওয়া যায় একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ।
উদ্ধার হওয়া চার জেলেকে প্রায় ১০ দিন ধরে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলে জানা গেছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থা ভঙ্গুর হলেও এখন নিরাপদে আছেন।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে। জিম্মিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
