সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৩৩)-কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় নিজ বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর পুলিশ সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে। তারা হলেন—মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) এবং তালার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শামীম তার পরিবার নিয়ে দ্বিতীয় তলায় থাকলেও, প্রায়ই বহিরাগতরা তৃতীয় তলায় আড্ডা দিত। সেখানে নেশা ও উচ্চস্বরে গান বাজানো হতো। এ নিয়ে পরিবারের আপত্তি থাকলেও শামীম সেসব উপেক্ষা করতেন।
নিহতের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, “প্রতিদিন রাতে ওরা আসত, ঘরে ঢুকতে দিত না। আজকে কেন আমার ছেলেকে হত্যা করল বলতে পারব না।” শামীমের ছেলে তাজ (১২) জানায়, হত্যার রাতে তার বাবার সঙ্গে ইজাজুল ও শরিফুল উপরে ছিলেন।
আমি বাবাকে অনেকবার বলেছি ওরা যেন না আসে, কিন্তু তিনি শুনতেন না।
শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি জানান, স্বামীকে নেশা থেকে বিরত থাকতে তিনি বারবার অনুরোধ করলেও তিনি তা মানেননি। তার দাবি, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় শামীমকে হত্যা করা হয়েছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনো থানায় মামলা হয়নি।
