ফেনী ইউনিভার্সিটিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দিন আহমেদের পদত্যাগ গ্রহণ করেছে বোর্ড অব ট্রাস্টিজ। শুক্রবার রাতে অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।
সভা সূত্রে জানা গেছে, নতুন ভিসি নিয়োগের জন্য শিগগিরই জাতীয় দৈনিক ও চাকরি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অন্যান্য দাবি নিয়ে সরাসরি আলোচনা করার জন্য বোর্ড চেয়ারম্যানসহ সদস্যরা ক্যাম্পাস সফরের পরিকল্পনা করেছেন।
বোর্ডের এক সদস্য জানিয়েছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলকে ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানান।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পরিবহন সুবিধা, যোগ্য ও দায়িত্বশীল ভিসি নিয়োগ, রাজনীতি মুক্ত পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বোর্ড চেয়ারম্যান পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। গত বছর ১৩ আগস্ট প্রথমবারের মতো তারা ১৫ দফা দাবি উত্থাপন করেছিল। আশ্বাস দেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। পরবর্তী সময়ে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করার পর চলতি বছরের ১৮ আগস্ট তারা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করে।
ক্রমবর্ধমান আন্দোলন ও শিক্ষার্থীদের চাপের মুখে অবশেষে ভিসির পদত্যাগ গ্রহণ করল কর্তৃপক্ষ। এখন সকলের দৃষ্টি নতুন ভিসি নিয়োগ এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে।
