র‌্যাব পরিচয়ে রাজধানীতে অপহরণ, ৮০ লাখ টাকা ছিনতাই

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

রাজধানীতে র‌্যাব পরিচয়ে ভয়ংকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে নগদ ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তারা কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারীর কর্মচারী।

পুলিশ জানায়, সকালে বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে স্বর্ণ বিক্রি শেষে নগদ ৮০ লাখ টাকা নিয়ে গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’ বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন তারা। বিকেল সাড়ে ৪টার দিকে মাতুয়াইল এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস এসে বাসটির গতিরোধ করে।

এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে বাসে উঠে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, র‌্যাব পরিচয়ে সংঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত চলছে। ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ীকে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিতে পাঠানো হয়েছে।

ঘটনাটি রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *