ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচগুলো যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়, তবেই বাংলাদেশ দল অংশ নেবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারার কথা জানিয়ে ভারত যদি তাকে আইপিএল থেকে বাদ দেয়, তাহলে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কীভাবে নিশ্চিত হওয়া যাবে—সে প্রশ্ন থেকেই যায়।
পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, কেবল খেলোয়াড় নয়, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে গেলে সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক দেশের দায়িত্ব। সেই নিশ্চয়তা না থাকলে বাংলাদেশের পক্ষে সেখানে খেলতে যাওয়া কঠিন।
উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পেছনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে ভারতের পক্ষ। এই সিদ্ধান্তের পরই বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ সরকারের অবস্থান অনুযায়ী, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
