গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২)। শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি মোস্তাফিজ স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি পার্ক করে পুলিশ লাইনসের বিপরীতে একটি দোকানে যান। ফেরার পথে চান্দনা থেকে ছেড়ে আসা ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হলে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লতিফা জেসমিনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পরই পুলিশ বাসটি জব্দ ও চালক সুমন মিয়াকে আটক করে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার জানান,
ওসি মোস্তাফিজ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন,
দুর্ঘটনাকবলিত বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোয় সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
