চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম আরিফ (২৫) নামে এক যুবককে অপহরণ করে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত আরিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে সংঘবদ্ধ একটি দল অটোরিকশায় করে আরিফকে তুলে নেয়। পরে তাকে একই ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর পুকুরপাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।
প্রথমে আরিফকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আরিফ অভিযোগ করে বলেন,
মান্নান ডলারের বাড়ির সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ইউসুফ আলীর পুকুরপাড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আহত আরিফের পরিবারসহ ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
তবে আটক ইউপি সদস্য মান্নান ডলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন,
আরিফ আমার কাছে সালিসনামা নিতে এসেছিল। পরে ইউসুফ আলী কয়েকজনকে নিয়ে এসে তাকে মারধর করে। আমি বরং পুলিশকে খবর দিয়েছিলাম। অথচ আমাকে নির্দোষ থাকা সত্ত্বেও রাতের আঁধারে তুলে নিয়ে গেছে পুলিশ।
এ বিষয়ে ইউপি সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
