বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জামায়াত নেতার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
কূটনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের ধারাবাহিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
