রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা প্রকৌশল পেশায় বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করেছেন। তারা দাবি করেন, বেপজায় এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার ঘটনাটি প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা।
বেলা সাড়ে ১১টার দিকে রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা শ্লোগান দেন
ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না কোটা নয়, মেধা চাই
শিক্ষার্থীরা জানান, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী পদে উন্নীত করা হয়েছে, যা শুধু পেশাগত মর্যাদা নয়, প্রকৌশল খাতের জন্যও বড় হুমকি।
রুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন,
ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও স্পষ্ট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।
যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা অভিযোগ করেন,
২০১৩ সাল থেকে সরকারের মদদে ডিপ্লোমা সিন্ডিকেট প্রকৌশল খাতকে জিম্মি করে রেখেছে। দেশের উন্নয়ন টেকসই করতে হলে এই সিন্ডিকেট ভাঙা জরুরি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো কোটার মাধ্যমে নয়।
২. দশম গ্রেডের নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ থাকবে।
৩. ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা কেবল টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে নামবেন।
