চট্টগ্রামের হালিশহর এলাকায় মর্মান্তিক গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান। চিকিৎসকদের ভাষ্য, তারা দুজনই শতভাগ দগ্ধ ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি অন্য চারজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। সোমবার চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।
সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তার স্ত্রী আশুরা আক্তার পাখি, তাদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।
একই পরিবারের পরপর পাঁচজনের মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
