বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বুধবার বিকেলে শাহবাগ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না জারি করলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।
বিকেলে নতুন সময়সীমা ঘোষণা করে শিক্ষকরা শহীদ মিনারের দিকে চলে যান। তাদের সরে যাওয়ার পর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ২টার দিকে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান শিক্ষকরা। তখন তারা ঘোষণা দেন—
এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া ফিরে যাওয়া নয়।
পুলিশ শুরুতে শাহবাগ থানার সামনে তাদের আটকে দিলেও পরে ব্যারিকেড ভেঙে অবস্থান নেন শিক্ষকরা।
২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে নির্ধারণের দাবিতে রোববার থেকে তারা টানা কর্মসূচি পালন করছেন। প্রতিদিন নতুন আলটিমেটাম দিয়েও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাননি শিক্ষকরা।
অভিযোগ করে তারা বলেন, সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছে না। এতে শিক্ষক সমাজে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।
আন্দোলনের প্রভাবে সারা দেশের বেশিরভাগ বেসরকারি স্কুলে পাঠদান বন্ধ রয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।
