থার্টি ফাস্ট নাইটে কক্সবাজারে কঠোর বিধি-নিষেধ

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, কক্সবাজার জেলার উন্মুক্ত স্থান ও রাস্তায় কোনো ধরনের কনসার্ট, নাচ-গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলেও জানানো হয়েছে।

পুলিশের নির্দেশনায় আরও বলা হয়,
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে,
থার্টি ফাস্ট নাইট উপলক্ষে গুজব, অপপ্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া,
✔ উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো
✔ রাস্তায় রেসিং বা জয়রাইড
✔ বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো
সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পর্যটননির্ভর জেলা হওয়ায় থার্টি ফাস্ট নাইটে আগত নারী পর্যটকদের প্রতি কোনো ধরনের ইভটিজিং বা হয়রানি না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

একইসঙ্গে, হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে—
ইনডোরে কোনো অনুষ্ঠান আয়োজন করলে তা আগেভাগে ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ)-কে অবহিত করতে হবে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন,

থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানাচ্ছি।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *