চাকসু নির্বাচনে প্রার্থীর ঢল: ১,০৬৩ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ

আবিদা সুলতানা, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ শেষ মুহূর্তে ব্যাপকভাবে বেড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ১,০৬৩ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ জন এবং হল সংসদের জন্য ৫৮৯ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।

প্রথম দুইদিন মনোনয়ন সংগ্রহে অংশগ্রহণ তুলনামূলক কম থাকলেও শেষ দিনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলে। নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কমিশন সময় বাড়ায়।

এবারের চাকসু নির্বাচনে বিভিন্ন সংগঠন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছে। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেলসহ বেশ কিছু জোট মনোনয়ন নিয়েছে। পাশাপাশি কিছু সংগঠন যেমন বাগছাস সরাসরি কোনো প্যানেল দিচ্ছে না, তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে। ছাত্রী সংগঠনও প্রীতিলতা হলে আলাদা প্যানেল ঘোষণা করেছে।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *