দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটে সিল দিতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোটে হ্যাঁ ভোট না দিলে গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে অর্জিত সুযোগ-সুবিধা হারিয়ে যাবে। সে ক্ষেত্রে দেশ আবারও আগের অবস্থানে ফিরে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও জানান, উত্তরবঙ্গ সফরটি মূলত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনের অংশ হিসেবেই করা হচ্ছে।

স্থলবন্দর কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সারাদেশেই যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। এক সময় বেনাপোলসহ বিভিন্ন বন্দরে যে পরিমাণ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন, বর্তমানে তা অনেকটাই হ্রাস পেয়েছে।

যাত্রী কমার কারণ হিসেবে তিনি বলেন, ভারতীয় ভিসা প্রদান বন্ধ বা সীমিত হওয়াসহ বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে যাতায়াতে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের দিক থেকেও ভিসা কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তারা এই সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *