কক্সবাজারে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার , ৪ আসনে লড়াইয়ে ১৭ জন

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজারের চারটি সংসদীয় আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলাটির চার আসনে এখন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৭ জন প্রার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। তবে কক্সবাজার-৩ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে বহাল থাকার দাবি করা হলেও বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আদেশ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেনি।

মনোনয়ন প্রত্যাহারকারী তিন প্রার্থী হলেন—
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুল কাদের,
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী এবং
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

এতে করে চারটি আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে—
কক্সবাজার-১ আসনে ৩ জন,
কক্সবাজার-২ আসনে ৫ জন,
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ জন এবং
কক্সবাজার-৪ আসনে ৪ জন।

এর আগে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কোনো আদালতের আদেশ দপ্তরে পৌঁছালে প্রার্থীর সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *