সিলেটের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ বলেন, সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে আইনগত কোনো বাধা নেই।
শনিবার (২৪ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানান, বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ বা গণভোট সংক্রান্ত অধ্যাদেশে এমন কোনো ধারা নেই যেখানে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। যারা বাধা আছে বলে প্রচারণা করছে, তাদের উদ্দেশ্যকে বিভ্রান্তিকর ও ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যে স্বজনরা জুলাইয়ের রক্তস্রোতে আত্মত্যাগ করেছেন, তাদের লাশ এখনও বেওয়ারিশ—তাদের সেই আত্মদানই আমাদের সামনে এক বড় দায়িত্ব রেখে গেছে। এই গণভোটকে তিনি দেশের অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
সরকারি কর্মকর্তারা নৈতিকভাবে ‘হ্যাঁ’ প্রচার করতে পারবে কি না—এমন প্রশ্ন তুলতে যারা এগিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে আলী রীয়াজ প্রশ্ন করেন,
আপনারা কোন নৈতিকতার কথা বলছেন—যে নৈতিকতা তরুণদের রক্তকে অস্বীকার করে?
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়; এটি জুলাই অভ্যুত্থানের বৈধতার ওপর দাঁড়িয়ে আছে। সরকারের তিনটি ম্যান্ডেট আছে—সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন সরকার আয়োজন করে না, সরকার শুধু অনুকূল পরিবেশ তৈরি করে, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচারও আদালত পরিচালনা করবে; সরকার শুধু বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। তাই সরকারের মূল কাজ হলো রাষ্ট্র সংস্কার।
আন্তর্জাতিক দৃষ্টিকোণে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা বৈধতা রাখে বলে তিনি বলেন, ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত বিশ্বব্যাপী ৪৮টি গণভোট হয়েছে, যেখানে অধিকাংশ ক্ষেত্রে সরকার ‘হ্যাঁ’ প্রচারণা করেছে। তাই এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, নৈতিকভাবে আমাদের কর্তব্য, এবং আইনগতভাবে কোনো বাধা নেই।
আলী রীয়াজ বলেন, সাধারণ মানুষ গণভোটের প্রশ্ন বোঝেন না—এমন প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু তিনি এতে একমত নন। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে জনগণ আগের আন্দোলনগুলোতে অংশ নিয়েছে, তাই এই গণভোটও তারা বুঝতে পারবে।
তিনি বলেন, অতীতে স্বৈরতান্ত্রিক শাসনের যাঁরা নিপীড়নের শিকার হয়েছেন, গুম-হত্যা-জুলুম সহ্য করেছেন, তাদের সংগ্রামের দায়বদ্ধতা আমাদের ওপর বর্তায়। এই দায়িত্ব হলো বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় উন্নীত করা।
আলী রীয়াজ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতা রয়েছে। ২০১১ সালে সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি ২৫টি বৈঠকে সিদ্ধান্ত নেয় কিছু পরিবর্তনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত রাখার। কিন্তু এক ব্যক্তির ইচ্ছায় পুরো ব্যবস্থা বাতিল হয়ে যায়। তাই এই ছেলেখেলা বন্ধ করতে জুলাই সনদ এবং গণভোট আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদী শাসক ফিরে আসবে না, কিন্তু ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা আছে যদি আমরা রাস্তা বন্ধ না করি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণই এই গণভোটের উদ্দেশ্য।
সভায় ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।
সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই সভায় সিলেট বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
