টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ৮৪ জন উদ্ধার

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কক্সবাজারের টেকনাফ সীমান্তে যৌথবাহিনীর অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর অপেক্ষায় থাকা ৮৪ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। একই সময় অস্ত্র ও গুলিসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব ও বিজিবি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতভর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া, বড়ডেইল, করাচি পাড়া ও রাজার ছড়ার দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৬ ঘণ্টাব্যাপী এ অভিযানে মানবপাচার চক্রের গোপন আস্তানা ঘিরে ফেলে ৬৬ জন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা সবাই অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় পাচারকারীদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক তিন পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ বিজিবি ও র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *