চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ হাজার পবিত্র কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চর্চা জোরদার করা এবং কুরআন অধ্যয়নের আগ্রহ বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি বলেন,
আমরা এই প্রোগ্রামটি গত ১৫ সেপ্টেম্বর আয়োজনের পরিকল্পনা করেছিলাম, কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে তা স্থগিত রাখতে হয়। আজকের লক্ষ্য পাঁচ হাজার কুরআন বিতরণ করা।
সভাপতি আরও জানান, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া ও আগ্রহ তাদের অনুপ্রাণিত করছে। “আগামীকাল আমরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও জিরো পয়েন্টে পানির ফিল্টার উদ্বোধন করব, যা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে,” যোগ করেন তিনি।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন,
ছাত্রশিবিরের এই উদ্যোগটি সত্যিই একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ে আসার পর অনেকেই ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যায়। এ ধরনের উদ্যোগ আমাদের আবারও ধর্মীয় অনুশাসনের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ জানান,
অনেকের ফোনে কুরআনের অ্যাপ থাকে, কিন্তু পড়ার সুযোগ হয় না। আবার অনেকের টেবিলে কুরআন থাকলেও নিয়মিত পড়া হয় না। এই সংস্করণটি আরবি ও বাংলায় সহজভাবে উপস্থাপিত হওয়ায় পড়তে সুবিধা হবে। আমি নিজের জন্য ও বন্ধুর জন্য দুটি কপি নিয়েছি।
কুরআন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ছাত্রী সংস্থার সদস্য ও সদ্য নির্বাচিত চাকসু ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
