চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাতে আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ২টার দিকে তার পরিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ শনাক্ত করে।
শামীম মাকসুদ খান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (CUCBA) ইভেনিং এমবিএ প্রোগ্রামের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেল ৩টার দিকে কাশবনের ভেতরে শামীমকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যার দিকে তারা বিষয়টি আউটার রিং রোডে টহলরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে শামীমকে একটি বেসরকারি হাসপাতালে নেয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, স্থানীয়রা শামীমের চিৎকার শুনে এগিয়ে যান, তবে তার হাত-পা কাটা অবস্থায় দেখে ভয়ে কেউ তাকে স্পর্শ করেননি। পরে একজন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থল বন্দর থানার আওতাধীন হওয়ায় পরবর্তীতে হালিশহর থানা পুলিশ মরদেহ বন্দর থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শামীম রোববার (১৯ই অক্টোবর) বেলা ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার আগে তার মাকে জানিয়েছিলেন যে তিনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। বের হওয়ার কিছুক্ষণ আগে একটি ফোনকল আসার পর তিনি ফোনে কারও সঙ্গে দেখা করতে যাওয়ার কথাও বলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে কেউ শামীমকে ডেকে নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
