হবিগঞ্জে ১৬ মামলার আসামি জামাল মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হত্যা, ডাকাতি ও চুরিসহ ১৬ মামলার আসামি জামাল মিয়াকে (৪৫) বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ধানি জমি থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে ১০-১৫ জনের একটি দল হঠাৎ জামালের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে জোরপূর্বক টেনে নিয়ে যায় এবং কিছু দূরে ধানক্ষেতে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী জানান, ভোরে হামলাকারীরা ঘরে প্রবেশ করে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। তিনি সেখান থেকে প্রাণে বাঁচলেও স্বামীকে রক্ষা করতে পারেননি। হামলাকারীদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন বলেও দাবি করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,

নিহত জামাল নিজেও নানা অপরাধে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরিসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *