অসুস্থ বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ, পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি থেকে বের হন ফেরদৌস। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার সকালে সাপুড়িয়া খালের চরে নতুন করে মাটি কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে সন্দেহ হলে মাটি সরিয়ে দেখা যায়, সেখানে পুঁতে রাখা অবস্থায় একজনের মরদেহ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের গলায় লাইলনের রশি প্যাঁচানো ছিল। নিহতের পরনে ছিল একটি শর্টপ্যান্ট ও গেঞ্জি। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা অবস্থায় পাওয়া গেছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *