চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের চৌধুরী জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে হত্যার পেছনের কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকালে মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তার গাড়ির ওপর অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়িটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত আবদুল হাকিম চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের মালিক এবং স্থানীয়ভাবে ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানের কাপ্তাই সড়ক ও রাঙামাটি মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আবদুল হাকিমের ঘনিষ্ঠজন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, নিহত ব্যক্তি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তবে পারিবারিকভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তিনি বলেন,
হাকিম কোনো রাজনীতি করতেন না। সম্ভবত কোনো চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের আর্থিকভাবে সহযোগিতা করতেন।
উল্লেখ্য, গত এক বছরে রাউজান এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও জায়গা দখলসহ নানা ইস্যুতে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানি ঘটেছে অন্তত তেরোজনের।
