চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু ইরা মনি হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গলাকেটে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।
বুধবার (৪ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরীন হীমার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসাইন লাভলু জানান, আদালত আগামী ২৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন।
এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীদের একটি অংশ তার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।
গত ২৯ ফেব্রুয়ারি দুপুরের পর সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক এলাকার দুর্গম পাহাড় থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরা মনিকে। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে মারা যায় জান্নাতুল নিসা ইরা।
