নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: মূল আসামি নুরাসহ আরও ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম ওরফে নুরা এবং হজরত আলী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে নুরাকে এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে হজরত আলীকে আটক করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে পুলিশ জানিয়েছিল, মামলার আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ এই দুজনকে গ্রেফতারের মাধ্যমে এখন পর্যন্ত হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ধর্ষণের বিচার দাবি করায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক অপহরণ করে। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, এর প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে। সেই ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *