অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই হত্যার বিচার দাবি, বরিশালে ‘মার্চ ফর হাদি’

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর হাদি’। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

সোমবার (৫ জানুয়ারি) বেলা বারোটার দিকে বরিশাল নগরীর সদর রোডে টাউন হলের সামনে থেকে ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে মার্চটি শেষ হয়।

এর আগে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল হত্যাকারীরা আইনের আওতায় আসেনি। দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, হাদি ছিলেন জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। তার হত্যার বিচার বিলম্বিত হলে একাত্তরের মতোই আন্দোলনের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, যা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।

সমাবেশ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় একই দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *