কক্সবাজারের মহেশখালীতে পূর্বশত্রুতার জেরে শাহাদাত হোসেন দোয়েল (৪৯) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোয়েল একই ইউনিয়নের ‘খসরু গোষ্ঠীর’ মৃত ফজল হকের পুত্র।
স্থানীয়রা জানান, দোয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামের একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত দোয়েলের সঙ্গে একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে সাদ্দামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। দোয়েলের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দামই তাকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
