ফেনীর তেমুহনী এলাকায় মদিনা ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে হঠাৎ ভয়াবহ আগুনে পুরো ফ্যাক্টরিটি মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনে কারখানার কোটি টাকার সম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় মানুষও পানি ঢেলে ও যন্ত্রপাতি সরিয়ে নেভানোর কাজে যোগ দেন।
কারখানার মালিক রহিম উল্লাহ চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুনে তার প্রবাস জীবনের সমস্ত সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাংক ঋণ, মহাজনের দেনা—সব মিলিয়ে আগুন তাকে আবারও শূন্য করে দিয়েছে। তিনি বলেন,
২০২২ সালেও একইভাবে আগুনে সবকিছু হারিয়েছিলাম। দ্বিতীয়বারের মতো আবার সব শেষ হয়ে গেল।
আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল, প্রস্তুত ফোমসহ কিছুই সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। সবকিছুই মুহূর্তে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। তাদের মতে, ফোম কারখানার দাহ্য উপকরণ আগুন ছড়িয়ে পড়ার গতি আরও বাড়িয়ে দেয়।
ঘটনাটি পুনঃপুন অগ্নিকাণ্ডের ঝুঁকি, শিল্প কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং দাহ্য উপাদানের সঠিক ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে স্থানীয়দের মাঝে।
