বার্ষিক পরীক্ষা শুরুর ঠিক আগে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেতন গ্রেড উন্নয়নসহ তিন দফা দাবি ২৯ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই ঘোষণা দেয়। আহ্বায়ক আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি আহ্বায়ক মু. মাহবুবর রহমান।
শিক্ষক নেতারা জানান, ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিন দফা দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। পরে সংবাদ বিজ্ঞপ্তিতেও সিদ্ধান্তের কথা জানানো হয়। কিন্তু এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বা দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এ কারণে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা।
তাদের তিন দফা দাবি হলো—
- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ
- ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান
- ১০০ শতাংশ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
এছাড়া ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের সুচিকিৎসা ও নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন প্রদানের দাবিও জানান তারা।
আগামী ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এ অবস্থায় কর্মবিরতির ঘোষণা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
শিক্ষক নেতারা বলেন, দাবি পূরণে সরকার দ্রুত বাস্তব পদক্ষেপ নিলে শিক্ষকদের কর্মবিরতিতে যেতে হবে না; তবে প্রজ্ঞাপন ছাড়া আর কোনো আশ্বাস গ্রহণযোগ্য হবে না।
