জাবেরসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি জানায়, যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।

আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।

তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কেউ গুলিবিদ্ধ নন।

ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচির মাধ্যমে হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছে ইনকিলাব মঞ্চ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *