ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে

সিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপকূলের শাহপরীর দ্বীপের গোলার চরের কাছাকাছি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকার শেষে ফেরার পথে ছয় জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যায় গোষ্ঠীটির সদস্যরা।

অপহৃত জেলেরা হলেন—মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে টেকনাফ পৌরসভার আবদুল মতলবের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগর থেকে ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। ঠিক সেই সময়ই মিয়ানমারের জলসীমা থেকে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা ট্রলারে উঠে জেলেদের ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

গত আট মাসে এ নিয়ে অন্তত ৩০০ জেলেকে নাফনদী ও বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকা থেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জন বিভিন্ন সময়ে ফেরত এলেও এখনো শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন।

জেলেরা বলছেন, অপহরণের ভয়ে এখন আর সাগরে নামতে সাহস পাচ্ছেন না তারা। এর ফলে উপকূলের জেলাপর্যায়ের অর্থনীতি ও জীবিকা চরম সংকটে পড়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *