নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেত্রকোনার চল্লিশা এলাকায় জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। ধানের শীষ হাতে তারা প্রিয় নেতাকে সড়কে বরণ করে নেন।
এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে আবেগাপ্লুত বাবর বলেন,
আমি আর কখনো নির্বাচন করতে পারব—এটা ভাবিনি। আল্লাহর অশেষ রহমত আর দলের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে আবারও ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।
তিনি জানান, তার কারাবন্দি জীবনে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর মানুষ তার জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন—এই ভালোবাসা তিনি কখনোই ভুলবেন না।
আমার পুরো জীবনটা আপনাদের জন্যই কাজ করে যেতে চাই।
আগামীতে তাকে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চাইলে কি না—এমন প্রশ্নে বাবর বলেন,
যা হবে, আল্লাহর ইচ্ছায় আর আমাদের নেত্রী ও নেতার সিদ্ধান্তেই হবে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান,
আমাদের মহাসচিব ইতিমধ্যে বিষয়টি পরিষ্কার করেছেন। প্রধান উপদেষ্টাকে দল থেকে সাধুবাদ জানানো হয়েছে; আমিও সেই বক্তব্যেই একমত।
নেত্রকোনায় বাবরের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক আগ্রহই নয়, দীর্ঘদিন পর এক পরিচিত মুখকে ফিরে পাওয়ার আবেগে পুরো এলাকা যেন উৎসবে পরিণত হয়।
