খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) ভোররাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি।
সেনা সূত্রে জানা যায়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের ব্যবহার করে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায়। তাদের জোরপূর্বক সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করা হয়।
বিশেষজ্ঞদের মতে, পার্বত্য অঞ্চলে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনগুলো সম্প্রতি নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে—যা নিরাপত্তা বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে।
বর্তমানে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সদস্যদের ধরতে এলাকাজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।
সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফের তৎপরতা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এসব অভিযান ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
