ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: দুই দিনে গ্রেফতার ৪

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ভৈরবে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও একজন। দুই দিনে মোট চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার সোহেল (২৮) ভৈরব শহরের পঞ্চবটি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশের তদন্ত সূত্রে জানা গেছে, ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর) সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ শুরু হয়। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে থামানো হলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে ট্রেনের ইঞ্জিন ও কোচ ক্ষতিগ্রস্ত করে।

এ ঘটনায় স্টেশন মাস্টারের দায়ের করা মামলায় প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। দুদিনের অভিযানে চারজনকে গ্রেফতার করা হলেও, ভিডিও ফুটেজে আরও কয়েকজনের মুখ শনাক্ত হয়েছে, যাদের ধরতে কাজ করছে রেলওয়ে পুলিশ, সদর থানা ও ডিবি পুলিশের যৌথ দল।

স্থানীয় সূত্র বলছে, ট্রেনের ওপর হামলার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ঘটনার পর থেকে ভৈরব রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *