রাজধানীর শিক্ষা মহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুই প্রতিষ্ঠানের মধ্যে পূর্বের উত্তেজনা ও বিরোধ মুছে দিয়ে তারা একে অপরের প্রতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনন্য ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজের অডিটরিয়ামে প্রবেশ করেন, তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা করতালি ও উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেয়। দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরের হাতে তুলে দেয় গোলাপ ফুল—প্রতীক হয়ে ওঠে সম্প্রীতি ও ঐক্যের।
সৌহার্দ্যের আবহে শিক্ষার্থীরা একসঙ্গে শ্লোগান দেন—
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই
আমরা আমরা ভাই ভাই
এই প্রতীকী শান্তি চুক্তিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেন। অনুষ্ঠানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ওসি এ কে এম মাহফুজুল হক জানান,
শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি নয়, বন্ধুত্ব গড়ে তুলতে হবে—এই বার্তাই আমরা দিতে চেয়েছি। এই চুক্তি শিক্ষাঙ্গনে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নতুন সূচনা।
শিক্ষার্থী ও শিক্ষকদের আশা—এই উদ্যোগ শুধু দুই কলেজ নয়, বরং রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও সৌহার্দ্য ও সহযোগিতার উদাহরণ হয়ে থাকবে।
শেষমেশ, আজকের এই গোলাপের বন্ধনে শিক্ষার্থীরা প্রমাণ করল—শিক্ষার আলো ছড়ায় তখনই, যখন হৃদয়ে থাকে ভালোবাসা ও মানবিকতা।
