খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিরতা শারদীয় দুর্গাপূজায় কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কিছু কুচক্রী মহল উৎসবের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, খাগড়াছড়ির ঘটনায় ইতোমধ্যেই একটি অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
তিনি সবার প্রতি দুর্গোৎসবের পবিত্রতা রক্ষায় সহযোগিতা কামনা করে বলেন, দেশের সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।
এর আগে একইদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, খাগড়াছড়িতে হামলা ও সহিংস ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে জিজ্ঞাসাবাদে রয়েছেন।
এ ঘটনার জেরে ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর দুপুরে গুইমারায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে সেনা সদস্য ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, খাগড়াছড়ির পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে এবং দুর্গাপূজায় সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সরকারের কঠোর অবস্থান ও তৎপরতায় অশান্তির সুযোগ কাজে লাগিয়ে কোনো মহলই উৎসবের আনন্দ নষ্ট করতে পারবে না।
