হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অচল, রাতভর অবস্থানে ইনকিলাব মঞ্চ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শহীদ হাদি চত্বরে তাদের অবস্থান চলবে। একই সঙ্গে সাধারণ মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সন্ধ্যার পর শাহবাগে আন্দোলনের উত্তাপ আরও বেড়ে যায়। ‘বিচার ছাড়া ঘরে ফিরব না’, ‘আপস নয়, বিচার চাই’, ‘আমরা সবাই হাদি’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা জানান, ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

বিক্ষোভকারীরা আরও হুঁশিয়ারি দেন, পরিস্থিতির উন্নতি না হলে এবং বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না এলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারীরা জানান, এই লড়াই কোনো ব্যক্তির নয়—এটি ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশের দাবিতে একটি সামষ্টিক প্রতিবাদ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *