টেকনাফে ৬ শিশু অপহরণ, পালিয়ে এসেছে ২ জন — গভীর পাহাড়ে জিম্মি ৪ শিশু

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজারের টেকনাফে ফের অপহরণচক্রের তৎপরতা বেড়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় খেলার সময় ছয় শিশুকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাহাড়ি এলাকা থেকে নেমে এসে তারা শিশুদের জিম্মি করে গভীর পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃত ছয় শিশুর মধ্যে দু’জন—মো. ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)—কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে চারজন শিশু—মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩)—এখনো নিখোঁজ রয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন,

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও শিশুদের উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ আহমদ বলেন,

শিশুরা খেলছিল। এমন সময় হঠাৎ পাহাড় থেকে কয়েকজন অস্ত্রধারী এসে তাদের ধরে নিয়ে যায়। স্থানীয়রা একত্রিত হয়ে পাহাড়ের ভেতরে খোঁজ করছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফে ২৬০ জন অপহরণের শিকার হয়েছে। তাদের অনেকে মুক্তিপণ দিয়ে ফিরে এলেও বেশ কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাহাড়ি অপহরণকারীদের তৎপরতা এলাকায় আতঙ্ক বাড়িয়ে তুলেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। অপহৃত চার শিশুকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন অভিভাবকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *