রাজধানীর সূত্রাপুরে অবৈধভাবে দাহ্য ও বিপজ্জনক কেমিক্যাল মজুদ করায় তিনজনকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোডাউনটিতে মোট ৮০ প্রকারের কেমিক্যাল রাখা ছিল, যার মধ্যে দাহ্য ও বিপজ্জনক পদার্থও অন্তর্ভুক্ত ছিল। ফায়ার সার্ভিসের একাধিক নোটিশ উপেক্ষা করার পরও কেমিক্যাল সরানো হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় এই ধরনের কেমিক্যাল মজুদ যে কোনো সময় বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে। অভিযানে প্রায় ৪০ থেকে ৫০ টন কেমিক্যাল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন ভবিষ্যতে এমন ধরনের অবৈধ কার্যক্রম রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। তারা এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অবৈধভাবে কেমিক্যাল মজুদ বা ব্যবহার করতে কারো অনুমতি না দেওয়ার জন্য সর্তক করেছেন।
