ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। নিরাপত্তার অংশ হিসেবে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়। ডান হাতে লাঠি ভর দিয়ে ধীরে ধীরে তিনি আদালতে প্রবেশ করেন। বেলা ১১টার দিকে তাকে আদালতের অষ্টম তলায় তোলা হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন,

আসামি এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি হামলার ইন্ধনদাতা। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ সময় কামরুল ইসলামের পক্ষের আইনজীবীরা ওকালতনামা জমা দেন এবং জানান যে, জামিনের শুনানি পরবর্তীতে করা হবে।

কাঠগড়ায় দাঁড়িয়ে কামরুল ইসলাম বিচারকের উদ্দেশে বলেন,

আমিতো আগেই গ্রেফতার ছিলাম, আবার কেন?

বিচারক এ সময় বলেন, মামলার নথিপত্র অনুযায়ী আবেদন মঞ্জুর করা হচ্ছে। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী জানান,

এটাসহ মোট ৩০টি মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট দুপুরে কিছু ব্যক্তি আইনজীবী সমিতির সামনে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে দিতে বোমা বিস্ফোরণ ঘটায় এবং বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন এবং বেশ কিছু চেম্বার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে গোয়েন্দা পুলিশ কামরুল ইসলামকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দলীয় পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মামলাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কামরুল ইসলামের নতুন এই গ্রেফতার দেখানো ঘটনাটি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *