সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয় মামলার সাক্ষ্যগ্রহণ দ্বিতীয় দিনে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার তদন্ত কর্মকর্তা ৫৪তম সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সাক্ষ্য দেবেন।
এর আগে রবিবার আদালতে জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ১৭টি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিওগুলোতে নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য উঠে আসে, যা আদালত কক্ষে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় আদালত কক্ষে নীরবতা নেমে আসে এবং একাধিকজন আবেগে কেঁদে ফেলেন।
প্রসিকিউশনের দাবি, আত্মরক্ষার্থে নয় বরং পরিকল্পিতভাবে জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যা চালানো হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের দিন ঘোষণা করবেন।
এদিকে একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য রয়েছে।
