শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে জমি বরাদ্দ–সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রাজধানীর চতুর্থ বিশেষ জজ আদালত এ তারিখ নির্ধারণ করেছে।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। এতে রেহানা মিথ্যা হলফনামা ব্যবহার করে সরকারি জমির মালিকানা গ্রহণ করেন বলে তদন্তে উঠে এসেছে। একই সঙ্গে সাক্ষ্যপ্রমাণে উঠে আসে, মায়ের নামে প্লট নিশ্চিত করার জন্য টিউলিপ সিদ্দিক তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেছিলেন। যদিও তিনি নিজে কোনো প্লট গ্রহণ করেননি, তবুও মামলায় তাকে অন্যতম মূল আসামি হিসেবে বিবেচনা করা হয়েছে।

মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি, অবৈধ নির্দেশনামা এবং ভুয়া হলফনামাসহ গুরুত্বপূর্ণ নথি আদালতে উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের মতে, উপস্থাপিত প্রমাণাদি প্রধান আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট এবং দোষী প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এ মামলায় একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী আদালতে যুক্তি দেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে বাধ্য ছিলেন এবং ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতিমূলক সুবিধা গ্রহণ করেননি।

উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছে। এখন নজর অপেক্ষায়—দেশের বহুল আলোচিত এই মামলায় আদালত কী রায় দেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *