রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, চিরকুটে লেখা ছিল— “প্রস্তুত হ রাজাকার”। কাফনের কাপড়ের সঙ্গে ফেলা ওই চিরকুটে “জয় বাংলা” কথাটিও উল্লেখ ছিল।
এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান ওরফে মিলু জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ জানালার বাইরে থেকে এক অপরিচিত কণ্ঠে বলা হয়, “বাইরে বের হয়ে দেখ।”
বারান্দায় গিয়ে তিনি দেখতে পান, বাড়ির টিনের পাশে কাঠে আগুন জ্বলছে এবং তীব্র পেট্রলের গন্ধ ছড়িয়ে আছে। বাইরে এসে একটি পলিথিন ব্যাগ চোখে পড়ে, যা পরে পুলিশের উপস্থিতিতে খোলা হলে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়।
খালিদ হাসান জানান, এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও আতঙ্কে আছেন। তাঁর ভাষায়,
এমন হুমকি অত্যন্ত নিন্দনীয়। চিরকুটের ভাষা ও লেখা থেকে বোঝা যাচ্ছে, কারা এর পেছনে থাকতে পারে। আমি থানায় অভিযোগ করব।
পুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট জব্দ করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
