এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায়, মুখপাত্র হিসেবে আসছেন আসিফ মাহমুদ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে যাচ্ছে। দলটি সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে নিজস্ব কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। এতে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

দলীয় দফতর সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। তবে আলোচনার কেন্দ্রে থাকছেন সাবেক উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে—এই সংবাদ সম্মেলনেই এনসিপিতে তার যোগদানের ঘোষণা আসতে পারে।

দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এনসিপিতে যোগ দিলে আসিফ মাহমুদকে দলটির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। আপাতত তিনি নির্বাচনে অংশ না নিলেও দলীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে নির্ধারিত সময় পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান দলটির সাংগঠনিক ও যোগাযোগ কৌশলে নতুন গতি আনতে পারে। সন্ধ্যার সংবাদ সম্মেলন ঘিরে তাই রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *