ডিসেম্বরে শেষ হতে পারে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

চলতি বছরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

গত এক বছরে ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি হয়েছে, তাতে আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় ঘোষণা সম্ভব। সেই লক্ষ্যেই বিচারপ্রক্রিয়া এগোচ্ছে।

তিনি বলেন,

যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী ও ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করতে চাই, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বর্তমান ট্রাইব্যুনাল নিরলসভাবে কাজ করছে। আশা করি, ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদের দণ্ডিত করা সম্ভব হবে।

এদিকে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই দিনে লক্ষ্মীপুরে পাঁচ হত্যাকাণ্ডের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকেও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই গণহত্যার অভিযোগে ইতিমধ্যে দুটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে ১১ আগস্ট। একইসঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা এবং আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার বিচার কার্যক্রমও আগামী মাসে শুরু হচ্ছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলাগুলোর প্রমাণ-উপাত্ত ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় গতি আনতে সব পক্ষই সক্রিয় ভূমিকা রাখছে। আইনজীবী মহলে ধারণা, এ মামলাগুলোর রায় হলে জুলাই গণহত্যার দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *