গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে কয়েক দফা হামলা, সংঘর্ষ ও সহিংসতায় শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (১৬ জুলাই) বিকেল পাঁচটায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, তাদের হাসপাতালে চারজনের মরদেহ আনা হয়েছে। তবে প্রশাসন থেকে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
সকালের দিকে এনসিপি নেতাদের গাড়িবহর শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে সহিংসতার সূচনা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
দুপুরের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বেলা দেড়টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে পৌর পার্ক এলাকায় আসে এবং সমাবেশ মঞ্চে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
ঘটনাস্থল থেকে জানা গেছে, সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তবে গোপালগঞ্জের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, হতাহতের কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই। অতিরিক্ত আইজি (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম বলেন,
একজনের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে, তবে সেটা এখনও নিশ্চিত নয়।
পুলিশ মহাপরিদর্শকও জানিয়েছেন,
মৃত্যুর খবর আমরা অফিসিয়ালি এখনও জানিনি। যা জানছি, তা বিভিন্ন টিভি ফুটেজ দেখে জেনেছি।
এনসিপির এই কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রচুর প্রচার-প্রচারণা চলছিল।
ঘটনার পর গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।
