তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের জাতীয় কলঙ্ক দূর হলো এবং আবারও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার পথ উন্মুক্ত হলো।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত এক প্রতিক্রিয়া সভায় আখতার হোসেন বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত ছিল অসাংবিধানিক ও জনগণের প্রত্যাশার পরিপন্থী। সর্বোচ্চ আদালত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে রায় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন,
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এ দেশে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে। জনগণও এই ব্যবস্থার প্রতি আস্থা রাখে, তাই এই রায় জাতিকে কলঙ্কমুক্ত করেছে।
নির্বাচনকে সম্পূর্ণ অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্ব আরোপ করে আখতার হোসেন বলেন, বিদ্যমান জুলাই সনদের কিছু অস্পষ্টতা এখনও পরিষ্কার নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অস্পষ্টতা দূর করে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা প্রয়োজন। তিনি জানান, সেই ব্যাখ্যা সন্তোষজনক হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।
আখতার হোসেনের মতে, সুষ্ঠু ও আস্থাযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া এবং ন্যায়সংগত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। এই রায়ের ফলে রাজনৈতিক পরিবেশ আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
