দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিপাকে পড়লেন সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। সংবাদ সম্মেলনের মঞ্চে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) এবং মুহূর্তের মধ্যেই এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই বক্তব্য দিচ্ছিলেন ল্যান। হঠাৎ সামনের দিকে মুখ থুবড়ে পড়ে যান তিনি এবং পোডিয়ামের সঙ্গে মাথায় আঘাত পান। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবা বুশ। তিনি ল্যানকে উল্টে শুইয়ে প্রাথমিক সহায়তা দেন। সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনীতিবিদ ও উপস্থিত সাংবাদিকরাও এগিয়ে আসেন।
পরে জানা যায়, রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যাওয়ার কারণেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ঘটনার পরপরই বাতিল করা হয় সেদিনের সংবাদ সম্মেলন।
সুইডেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে তার পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
