খামেনিকে লক্ষ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, খামেনির ওপর কোনো হামলা হলে তা ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং জিহাদের ফতোয়ার পথ খুলে দিতে পারে।

ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করেন আয়াতুল্লাহ খামেনি। এর পরপরই ট্রাম্প ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে বলে মন্তব্য করেন। এই বক্তব্যকে সরাসরি উসকানি হিসেবে দেখছে তেহরান।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেন, সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের চেষ্টা হলে ইরান কঠোর জবাব দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনিকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

একই সুরে কথা বলেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ নেতার ওপর হামলা মানে পুরো ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এমন পরিস্থিতিতে ইসলামি আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া আসতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া শুরু হবে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেন, খামেনির ওপর কোনো আগ্রাসন ইরানি জনগণের বিরুদ্ধে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের শামিল হবে। রাষ্ট্র ও জনগণ একযোগে এর জবাব দেবে বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে, খামেনিকে ঘিরে দেওয়া এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে পরিস্থিতি যে আন্তর্জাতিক মাত্রা নিতে পারে, সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *