ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

2 Min Read

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশকে একদিনের চূড়ান্ত সময় দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে অন্য দেশকে সুযোগ দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আইসিসির শীর্ষ নির্বাহী ও আইনি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশের অবস্থান নিয়ে ভোটাভুটি হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের বিকল্প দল রাখার পক্ষে মত দেন।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছিল, তারা ভারতে দল পাঠাতে প্রস্তুত নয়। এই অবস্থানের পরই আইসিসি বোর্ড সভায় বিষয়টি চূড়ান্তভাবে উত্থাপিত হয়। সভা শেষে বিসিবিকে জানানো হয়, বিষয়টি শুধু বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়—সরকারের সঙ্গেও আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় অন্য একটি দল অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে স্কটল্যান্ড। যদিও তারা মূল পর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে আইসিসির কাঠামো অনুযায়ী এই পরিস্থিতিতে তারাই এগিয়ে রয়েছে।

এর আগে ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবি একাধিকবার আলোচনা করলেও আইসিসি সূচি পরিবর্তনে অনড় থাকে। অন্যদিকে বিসিবিও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। সর্বশেষ বোর্ড সভায় এসে আইসিসি তাদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছে—আর কোনো সময় নয়, সিদ্ধান্ত এখনই।

এক দিনের আল্টিমেটামের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে এখন কঠিন বাস্তবতা। বিশ্বকাপে অংশগ্রহণ নাকি নীতিগত অবস্থান—এই দুইয়ের মধ্যে কোন পথে হাঁটবে বাংলাদেশ, তাই এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে দেখছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *